চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে পূর্ব মাদারবাড়ি এলাকার সরকারি পুকুরপাড় সংলগ্ন বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর নাহার বেগম বাসায় দিনের বেলায় একাই থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তার এক ছেলে প্রায় ৪৫ দিন আগে ব্লাড ক্যান্সারে মারা গেছেন। আরেক ছেলে বিএসআরএমে চাকরি করেন। তিনি সকাল সাতটার দিকে কর্মস্থলে চলে যান, সন্ধ্যায় বাসায় ফিরেন। বুধবার সকালে চাকরিতে যাওয়ার সময় ছেলের সঙ্গে তার কথা হয়েছিল বলে পুলিশকে জানানো হয়েছে। তার এক মেয়ের শ্বশুরবাড়ি ঢাকায়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ পূর্বকোণকে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। বাসায় তিনি একাই থাকতেন। বাসার দরজাও খোলা ছিল। সন্ধ্যার পরও পেছনের গেট খোলা দেখে ভাড়াটিয়াদের কয়েকজন বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁরা নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহের বাইরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মুখে হালকা লালচে দাগ রয়েছে। তার ব্যবহৃত দুটি ফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসার পেছনের লোহার দরজাটি খোলা থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই দরজা দিয়ে মূলত বাসার ভাড়াটেরা যাতায়াত করতেন। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। কিছু একটা রহস্য আছে বলে মনে হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
পূর্বকোণ/পিআর


















