চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কিউবায় মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

কিউবায় মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ সত্ত্বেও কিউবার ওপর দেশটির অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আবারও প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
 
 
বুধবারের (২৮ অক্টোবর) ভোটে প্রস্তাবটির পক্ষে ১৩০টি দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৭টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ভোটদানে বিরত ছিল আরও ২৫টি দেশ। এ তালিকায় জার্মানি ও ইতালির মতো দেশও রয়েছে, যারা আগে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছিল।
 
 
তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিবছরই কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করে আসছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
 
 
ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, ‘কিউবার জনগণকে শ্বাসরুদ্ধ করে রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে গিয়ে যুক্তরাষ্ট্র আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
 
 
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে উদ্ভট অজুহাত, চাপ কিংবা প্রচার-প্রচারণার কোনো কিছুই বাস্তবতা ও সত্যের শক্তিকে পরাজিত করতে পারবে না।’
 
 
কিউবাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা এবং দেশটির অর্থনীতিকে চাপে রাখার লক্ষ্যে ছয় দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে এই নিষেধাজ্ঞার ব্যাপক নিন্দা জানানো হয়েছে।
 
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিষেধাজ্ঞা আরও কঠোর করতে একের পর এক অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে জ্বালানি অবরোধও।
 
 
অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবাকে আরও বিচ্ছিন্ন করতে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, বুধবারের ভোটে আগের চেয়ে বেশি দেশের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তে এই তৎপরতার প্রভাব দেখা গেছে।
 
 
কিউবার কর্মকর্তারা অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিলে বিভিন্ন দেশের ওপর শুল্ক, ভিসা বিধিনিষেধ ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
 
 
ভোটের পর সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, ‘কোরিয়া, জার্মানি ও অন্যান্য বড় অর্থনীতির দেশসহ এতগুলো দেশ যে অবস্থান পরিবর্তন করেছে, তাতে আমি সন্তুষ্ট।’
 
 
তিনি আরও বলেন, ‘কূটনীতিতে সময় লাগে। তবে এখন অবস্থান পরিবর্তন করা দেশের সংখ্যা তিন গুণ বেড়েছে। আমরা আশা করছি, এই সংখ্যা আরও বাড়বে।’
 
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কের সময় যুক্তরাষ্ট্র ও কিউবার কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এ সময় দুই পক্ষের কর্মকর্তারা পরস্পরের দিকে চিৎকার করেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
 
 
বুধবার ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিককে ‘আক্রমণ করার’ অভিযোগে জাতিসংঘে কিউবার মিশনের প্রথম সচিব রিচার্ড তুর দে লা কনসেপসিওনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।
 
 
মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্র ও কিউবার মিশনের সঙ্গে যোগাযোগ করেছে আল জাজিরা। তবে কোনো পক্ষই সাড়া দেয়নি।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট