মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বজ্রবৃষ্টির সময় খেজুর গাছ থেকে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে মদিনা প্রদেশের আল উলা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ফরিদুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আবু বক্করের আপন চাচা মো.বেলাল উদ্দিন বলেন, আবু বক্কর কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি দোকানে চাকুরি করতেন। এরপর জীবিকার তাগিদে বিগত সাড়ে ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবু বক্কর। সেখানে আল উলা শহরে খেজুর গাছে কাজ করার সময় বজ্রবৃষ্টির মধ্যে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তরুণ বয়সে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া আবু বক্কর সিদ্দিকের এমন অকাল মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে এলাকার বাসিন্দারাও শোকাহত হয়ে পড়েছেন।
সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী আবু বক্কর বজ্রবৃষ্টিতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পূর্বকোণ/নুসরাত


















