করোনাভাইরাসের নতুন ধরন ঠেকাতে আরোপ করা ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব। সে দেশের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে রোববার (৩ জানুয়ারি) থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের সৌদি আরবে প্রবেশ করা যাবে।
আরব নিউজ জানায়, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। এই কয়দিন অতিবাহিত হওয়ার পর আজ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশকিছু শর্ত জুড়ে দিয়ে ভ্রমণ নিষেধজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত সেসব দেশের নাগরিক সৌদি আরবে আসতে চাইলে তাদের কমপক্ষে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে সৌদিতে ঢুকতে হবে। একইসঙ্গে ১৪ দিন পার হলে তারা করোনারমুক্ত কিনা তা প্রমাণ করতে পিসিআর টেস্টের ফলাফল লাগবে।
এছাড়া সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তাদের সৌদি আরবে এসে কমপক্ষে ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে। তাদের দুইবার পিসিআর টেস্ট করাতে হবে। প্রথমবার সৌদি প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়বার কোয়ারেন্টাইন শেষ হওয়ার ১৩ দিনের মাথায়।
গত মাসে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয় করোনার নুতন স্ট্রেইন(ধরন)। করোনর এই নতুন ধরন উচ্চ মাত্রার সংক্রমিত হওয়ায় তা নিয়ে চিন্তিত বিশ্ববাসী।
পূর্বকোণ/এএইচ

















