চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

আন্তর্জাতিক ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ১১:০০ পূর্বাহ্ণ

টানা ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অবসানের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
 
 
সোমবার (২ নভেম্বর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১১২ ডলারের কাছাকাছি নেমে আসে। একই সঙ্গে কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও।
 
 
আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৯২ ডলারে নেমেছিল। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়ায় ১০২ দশমিক ৩৪ ডলারে।
 
 
দিনের পরের হালনাগাদ তথ্যে দরপতনের মাত্রা আরও স্পষ্ট হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ১৫ ডলারে নেমে আসে।
 
 
একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমে ২ দশমিক ৩ শতাংশ, দাঁড়ায় ১০১ দশমিক ৭৩ ডলারে। তবে অক্টোবর মাসজুড়ে ব্রেন্টের দাম ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। 
 
দাম কমার কারণ
 
তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা। রয়টার্স জানায়, ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো চলা এসব আলোচনায় যুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
 
 
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতির নতুন কোনো অবনতি হলে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা।
 
 
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ১২০ ডলারের কাছাকাছি যেতে পারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক হলে দাম ৮০ ডলারের দিকে নেমে আসার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে গোল্ডম্যান স্যাকস। তথ্যসূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস ও সৌদি প্রেস এজেন্সি।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট