চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শাহরুখ খানের জন্মদিন আজ, উদ্‌যাপনে বিশ্বজুড়ে ভক্তরা।

শাহরুখ খানের জন্মদিন আজ, উদ্‌যাপনে বিশ্বজুড়ে ভক্তরা

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ

কিছু মানুষ পর্দায় অভিনয় করেন, আর কিছু মানুষ পর্দার সীমানা পেরিয়ে কোটি মানুষের জীবনের অংশ হয়ে ওঠেন। শাহরুখ খান সেই বিরল মানুষদের একজন। তাঁর সিনেমা দেখে কেউ প্রথম প্রেমের অনুভূতি চিনেছেন, কেউ স্বপ্ন দেখতে শিখেছেন, আবার কেউ জীবনের কঠিন সময়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন।

 

আমরা শুধু শাহরুখ খানের সিনেমা দেখতে দেখতে বড় হইনি; বরং তাঁকে সঙ্গে নিয়েই আমাদের বেড়ে ওঠা। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, সিনেমার ধরন বদলেছে, কিন্তু শাহরুখ খানের প্রতি দর্শকের ভালোবাসায় খুব একটা ভাটা পড়েনি। তার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা। তবে এবার জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে দেখা হওয়ার চিরচেনা সেই দৃশ্য দেখা যাবে না। আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে শাহরুখ খান বর্তমানে লন্ডনে থাকবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

 

আজ ২ নভেম্বর, শাহরুখ খানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মীর তাজ মোহাম্মদ খান ও মা লতিফ ফাতিমার সন্তান শাহরুখ তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। টেলিভিশন দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করে পরবর্তী সময়ে কঠোর পরিশ্রম, অভিনয়দক্ষতা ও নিজস্ব ব্যক্তিত্বের জোরে হয়ে উঠেছেন বিশ্বজুড়ে পরিচিত এক নাম।

 

মান্নাতে এবার নেই জন্মদিনের চিরচেনা আয়োজন

শাহরুখের জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ভিড় এখন বলিউডের পরিচিত দৃশ্য। প্রিয় তারকার একঝলক দেখা কিংবা তাঁর উদ্দেশে শুভেচ্ছা জানাতে প্রতিবছরই সেখানে জড়ো হন অসংখ্য মানুষ। কিন্তু এবার সেই আয়োজন থেকে বঞ্চিত হতে পারেন ভক্তরা। ‘কিং’-এর শুটিংয়ের কারণে লন্ডনে থাকার কথা রয়েছে অভিনেতার। ফলে জন্মদিনে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে তাঁর নিয়মিত সাক্ষাৎপর্ব এবার হচ্ছে না বলেই খবর।

 

এর আগে গত দুই বছর মান্নাতের বাইরে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানানোর প্রচলিত আয়োজনের পরিবর্তে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে বিশেষ অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন শাহরুখ। এবার জন্মদিন ঘিরে তাঁর পরিকল্পনা ভিন্ন হওয়ায় ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে নতুন কোনো আয়োজনের জন্য।

 

জন্মদিনে ‘কিং’ থেকে আসছে চমক?

ভক্তদের সঙ্গে সরাসরি দেখা না হলেও জন্মদিনে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বিশেষ চমকের সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ রাত ১২টায় সিনেমাটির বিশেষ কোনো প্রচারণামূলক উপকরণ প্রকাশ করা হতে পারে। সেটি হতে পারে টিজার, গান কিংবা নতুন পোস্টার। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

এদিকে ‘কিং’ মুক্তির আগে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে শাহরুখের দলের। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ একঝাঁক তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

টেলিভিশন থেকে বিশ্বজোড়া তারকাখ্যাতি

শাহরুখ খানের তারকাখ্যাতির গল্প কেবল সাফল্যের নয়, বরং দীর্ঘ পরিশ্রম ও নিজের অবস্থান তৈরি করে নেওয়ার গল্পও। টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা শাহরুখ নব্বইয়ের দশকে হিন্দি সিনেমায় পা রাখেন। ‘দিওয়ানা’, ‘বাজিগর’ ও ‘ডর’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই নজর কাড়েন দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের।

 

পরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও সুসংহত করেন তিনি। রোমান্টিক নায়ক থেকে শুরু করে জটিল ও ব্যতিক্রমী চরিত্র- বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচয়।

 

ক্যারিয়ারের সাম্প্রতিক অধ্যায়েও তাঁর জনপ্রিয়তা অটুট। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র মতো সিনেমা দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তনের পর আবারও আলোচনার কেন্দ্রে আসেন এই অভিনেতা। ছয় দশকের জীবনে শাহরুখ খান শুধু একজন সফল অভিনেতাই নন, বরং ভারতীয় চলচ্চিত্রের বিশ্বব্যাপী পরিচিত মুখগুলোর অন্যতম। তাঁর জন্মদিনে ভক্তদের প্রত্যাশা তাই কেবল শুভেচ্ছা জানানোর মধ্যে সীমাবদ্ধ নয়; নতুন সিনেমার ঘোষণা, বিশেষ উপহার কিংবা প্রিয় তারকার একঝলক দেখার অপেক্ষাও থাকে। এবার মান্নাতে সেই চেনা আয়োজন না থাকলেও ‘কিং’কে ঘিরে সম্ভাব্য চমকেই জন্মদিনের আনন্দ খুঁজে নিতে পারেন অনুরাগীরা।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট