চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে লেগুনা থেকে পালাতে গিয়ে একজন গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ উদ্ধার 

চট্টগ্রামে লেগুনা থেকে পালাতে গিয়ে একজন গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২৬ | ১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অস্ত্র-কার্তুজসহ মিজানুর রহমান (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমান খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার তাজুল ইসলামের ছেলে। 
 
 
রবিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
 
সোমবার (২ নভেম্বর) সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিম এ তথ্য জানান। 
 
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে টেক্সটাইল এলাকায় দুই ব্যক্তি অস্ত্র-গুলি কেনাবেচা করছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকাল সোয়া ৫টায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনায় থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় নিজাম উদ্দিন (২৮) নামে আরেক ব্যক্তি পালিয়ে যায়। পরে ওই লেগুনার চালকের সিটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়। 
 
 
তিনি আরও জানান, উদ্ধার অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে মিজানুর নিজের কাছে রেখেছিলেন বলে জানায়। অস্ত্র ও কার্তুজের কোনো বৈধ কাগজপত্র তিনি প্রদর্শন করতে পারেননি। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধেও হালিশহর থানায় একটি প্রতারণা মামলা রুজু রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট