৩৮ বছরের বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে এর আগে তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) অর্জন করেন। নৌবাহিনীতে দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ও উদ্যোগের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদকে ভূষিত করা হয়েছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান। এ সময়ে তাঁর নেতৃত্বে নৌবহরের অপারেশনাল ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়।
নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা ও আত্মনির্ভরশীলতা বাড়াতে তাঁর উদ্যোগে প্রথমবারের মতো কাউন্টার-ড্রোন প্রযুক্তি এবং আধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে নৌবহরের আঘাত হানার সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি নৌবহরের দীর্ঘমেয়াদি রণপ্রস্তুতি নিশ্চিত করতে ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’-এর আধুনিকায়ন কার্যক্রম শুরু করা হয়।
সমুদ্রসীমায় তাৎক্ষণিক নজরদারি ও তথ্য বিশ্লেষণের জন্য ইনফরমেশন ফিউশন সেন্টার সচল করা, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন এবং নিজস্ব ব্যবস্থাপনায় যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে ফ্লিট মেইনটেন্যান্স গ্রুপ গঠনেও ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া ব্যয়সাশ্রয়ী আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে নৌবাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করেন।
সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সঙ্গে যৌথ সামরিক অনুশীলন ও কৌশলগত সমন্বয় জোরদার করা হয়। এতে তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ে।
আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশগ্রহণ এবং বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর সফলভাবে পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও অবদান রাখেন তিনি।
এ ছাড়া দেশের সামুদ্রিক ও মৎস্যসম্পদ রক্ষায় তাঁর তদারকিতে পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৩০ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ জাল ও চোরাচালান করা সামগ্রী জব্দ করা হয়। গভীর সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধার ও জীবন রক্ষার পাশাপাশি আঞ্চলিক মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে মিয়ানমার কোস্ট গার্ড ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শত শত সদস্যকে নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনের কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
নৌবাহিনীতে দীর্ঘ কর্মজীবনে এসব অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই তাঁকে ‘নৌবাহিনী পদক’ প্রদান করা হয়েছে।


















