টানা আট বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে জাহাজ ভেঙে যেই প্রথম স্থান ধরে রেখেছিল বাংলাদেশ, সেই জায়গা এবার দখল করে নিল পার্শ্ববর্তী দেশ ভারত। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা আট বছর এ অবস্থান ধরে রেখেছিল দেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প। তবে ২০২৬ সালে এসে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে। বাংলাদেশকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভারত। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (UNCTAD) ‘রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০২৬’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আঙ্কটাডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ২৯ লাখ ৯৮ হাজার গ্রস টন জাহাজ ভেঙে পুনর্ব্যবহার করেছে। একই সময়ে বাংলাদেশে পুনর্ব্যবহার হয়েছে ২৭ লাখ ৩৫ হাজার গ্রস টন। বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পের বাজারে ২০২৫ সালে মোট জাহাজ ভাঙার মধ্যে ভারত একাই ৩৫ দশমিক ৪ শতাংশ করেছে, এবং বাংলাদেশ জাহাজ ভেঙেছে ৩২ দশমিক ৩ শতাংশ। দুই দেশের ব্যবধান ২ লাখ ৬৩ হাজার গ্রস টন।
আঙ্কটাড ও ক্লার্কসনস রিসার্চের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা আট বছর জাহাজ পুনর্ব্যবহারে বিশ্বে শীর্ষে ছিল বাংলাদেশ। তবে ২০২৬ সালে ভারত প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়িয়ে যায়।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৮৪ লাখ ৭৯ হাজার গ্রস টন পুরোনো জাহাজ পুনর্ব্যবহারের জন্য বিক্রি হয়েছে। এর মধ্যে ভারতের অংশ ২৯ লাখ ৯৮ হাজার এবং বাংলাদেশের ২৭ লাখ ৩৫ হাজার গ্রস টন। বৈশ্বিক বাজারে বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। দেশটির বাজার অংশ ১২ দশমিক ২ শতাংশ। চীনের ১০ দশমিক ১ এবং পাকিস্তানের ৫ দশমিক ৬ শতাংশ।
সীতাকুণ্ডে শতাধিক ইয়ার্ড বন্ধ
বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল জাহাজ পুনর্ব্যবহার শিল্পের প্রধান কেন্দ্র। প্রায় ১৮ কিলোমিটার উপকূলজুড়ে একসময় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ১২৫ থেকে ১৫০টি জাহাজ ভাঙার ইয়ার্ড ছিল। বর্তমানে সচল রয়েছে প্রায় ২৫টি। বাকি ১০০ থেকে ১২৫টি ইয়ার্ড বন্ধ অথবা কার্যত অচল। সচল ইয়ার্ডগুলোর মধ্যে ১৭টি আন্তর্জাতিক নৌ-সংস্থা (আইএমও) ও বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) অনুমোদনপ্রাপ্ত গ্রিন শিপইয়ার্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্য ইয়ার্ডগুলোও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে।
বন্ধ ইয়ার্ডগুলোর অনেকটিতে জমি ও অবকাঠামো থাকলেও দীর্ঘদিন ধরে জাহাজ কাটার কার্যক্রম নেই। ফলে একসময় যে উপকূলজুড়ে বিস্তৃত পরিসরে জাহাজ পুনর্ব্যবহারের কার্যক্রম চলত, তার বড় অংশ এখন নিষ্ক্রিয়।
হংকং কনভেনশন ও গ্রিন শিপইয়ার্ডের চ্যালেঞ্জ
২০২৫ সালের জুনে কার্যকর হয়েছে হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অব শিপস। এ কনভেনশনে জাহাজ পুনর্ব্যবহারের ক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ মানদণ্ড পূরণে ইয়ার্ডগুলোকে অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিপজ্জনক পদার্থ সংরক্ষণ ও শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় বিনিয়োগ করতে হচ্ছে। বর্তমানে সীতাকুণ্ডের ২৫টি সচল ইয়ার্ডের মধ্যে ১৭টি গ্রিন শিপইয়ার্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বাল্ক ক্যারিয়ার পুনর্ব্যবহারে এগিয়ে বাংলাদেশ
সামগ্রিকভাবে ভারত শীর্ষে উঠে এলেও জাহাজের ধরন অনুযায়ী কিছু ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শক্তিশালী। আঙ্কটাডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে পুনর্ব্যবহার হওয়া জাহাজের মধ্যে বাল্ক ক্যারিয়ারের পরিমাণ ছিল ১৩ লাখ ৬২ হাজার গ্রস টন। এ ছাড়া ৭ লাখ ১৪ হাজার গ্রস টন গ্যাস ক্যারিয়ার এবং ৫ লাখ ৪৬ হাজার গ্রস টন অয়েল ট্যাঙ্কার পুনর্ব্যবহার হয়েছে।
অন্যদিকে, ভারতে সবচেয়ে বেশি পুনর্ব্যবহার হয়েছে অয়েল ট্যাঙ্কার ও গ্যাস ক্যারিয়ার। দেশটিতে অয়েল ট্যাঙ্কারের পরিমাণ ছিল ১২ লাখ ৮৩ হাজার এবং গ্যাস ক্যারিয়ারের পরিমাণ ৮ লাখ ৩৯ হাজার গ্রস টন।
টানা আট বছর শীর্ষে থাকার পর ২০২৬ সালে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে নেমে আসা এবং সীতাকুণ্ডের শতাধিক ইয়ার্ড বন্ধ হয়ে যাওয়া দেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পের পরিবর্তিত পরিস্থিতিই তুলে ধরছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















