রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চট্টগ্রামের খুলশী থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শারীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২)।
রবিবার (২৬ জুলাই) বিকালে ডিএমপি মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে বাজার করে বাসায় ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। ঘটনার পর ওসমান গনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পিঠে ৪৩টি সেলাই লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বকোণ/আরআর/পারভেজ















