ইসলামী ব্যাংকের চকবাজার শাখার বুথের ১৭ লাখ টাকা নিয়ে পলাতক নিরাপত্তা প্রহরীকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা ১৪ লক্ষ ৮৪ হাজার ৮২৪ টাকা। রবিবার ( ২৮ জুন) সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামে নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত ২৪ জুন দুপুরে চকবাজার শাখার অধীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বুথ তালাবদ্ধ রেখে বাইরে যান। সেই সুযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্বপরিকল্পিতভাবে তৈরি করা নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরে এসে অর্থ অনুপস্থিত দেখতে পেলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
গ্রেপ্তারকৃত আসামি আইয়ুব আলী (৫৬) কক্সবাজার সদর ৮নং ওয়ার্ড বৈদ্যেরঘোনা জাদিপাহাড় রোড এলাকার ছাবির আহাম্মদের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সংশ্লিষ্ট এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















