চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য নকশা প্রণয়নের দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি স্থপতি অধ্যাপক রফিক আজম।
তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান ‘শতত্ত্ব—আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’ ক্যাম্পাসটির নকশা প্রণয়নের কাজ করবে।
গত ২৩ নভেম্বর এ-সংক্রান্ত চুক্তি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পরিকল্পনা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম অধ্যাপক রফিক আজমের হাতে চুক্তি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমাসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকৃতি, দেশীয় সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের সঙ্গে স্থাপত্যের সমন্বয়ের জন্য পরিচিত অধ্যাপক রফিক আজমের নেতৃত্বে সিআইইউর স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনা করা হবে। পরিবেশবান্ধব নির্মাণ ও আধুনিক স্থাপত্যচিন্তার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি উপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রামের পাঁচলাইশ মৌজায় অক্সিজেন-কুয়াইশ সড়কে সিডিএ অনন্যা আবাসিক এলাকার পাশে সিআইইউর স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। সেখানে ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
নতুন ক্যাম্পাসটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি চট্টগ্রামের উচ্চশিক্ষার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
পূর্বকোণ/এএইচ

















