চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

১৮টি বাইকসহ ৩৪ যুবক-কিশোর আটক, যাচাই-বাছাই শেষে মুক্তি

১৮টি বাইকসহ ৩৪ যুবক-কিশোর আটক, যাচাই-বাছাই শেষে মুক্তি

ফটিকছড়ি সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১৮টি মোটরসাইকেলসহ ৩৪ জন যুবক ও কিশোরকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আছিয়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন বয়সী ৩৪ জন যুবক-কিশোর ১৮টি মোটরসাইকেল নিয়ে আছিয়া চা বাগান এলাকায় দলবেঁধে ঘোরাফেরা করছিল। চলমান পরিস্থিতিতে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ তাদের থানায় নিয়ে আসে। থানায় আনার পর পুলিশ তাদের পরিচয় ও মোবাইল ফোনসহ প্রয়োজনীয় বিষয়াদি যাচাই-বাছাই করে। 
 
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, প্রতি শুক্রবার তারা বিভিন্ন স্থানে দলবেঁধে ঘুরতে যায় এবং তারই ধারাবাহিকতায় আছিয়া চা বাগানে বেড়াতে এসেছিল।
 
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ‘১৮টি মোটরসাইকেল নিয়ে ৩৪ জন ছেলে চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে এসেছিল। চলমান পরিস্থিতি বিবেচনায় সন্দেহবশত তাদের আটক করে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাইয়ে সন্দেহজনক কোনো তথ্য না পাওয়ায় প্রত্যেকের পরিবারের সদস্যদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট