চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি সংক্রান্ত বিরোধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি এক গৃহবধূকে না পেয়ে তার স্বামীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শহীদ (৬২)। তিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের করা একটি মামলায় শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বুধবার দুপুরে ওই পরোয়ানার ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল সাবেরাকে গ্রেপ্তার করতে তাদের বাড়িতে যায়।
নিহতের ভাই আব্দুল খালেক অভিযোগ করে বলেন, পুলিশ বাড়িতে এসে ভাবীকে (সাবেরা খাতুন) না পেয়ে তার বড় ভাই শহীদকে জোরপূর্বক হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শহীদ নিজেকে নিরপরাধ দাবি করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও এসআই সাব্বির তা উপেক্ষা করে তাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে হাতকড়া পরা অবস্থায় শহীদ সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সাবেরা খাতুনের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল ওই মামলায় জামিনে আছেন এবং জামিনের রিকল (প্রত্যাহার আদেশ) থানায় পাঠানো হয়েছে। তা সত্ত্বেও পুলিশ হয়রানি করতে গেলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
অভিযোগের বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার এসআই সাব্বিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “পুলিশ কাউকে হাতকড়া পরায়নি। ওই ব্যক্তি আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন। পুলিশ দেখে আতঙ্কিত হয়ে তিনি মারা গেছেন। তবুও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পূর্বকোণ/রাকিব/পারভেজ

















