চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযান পরিচালনায় সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
তানভীরুল কাদের বলেন, বালু উত্তোলনের ইজারা না থাকা স্বত্বেও একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি উত্তোলিত আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/আরআর

















