বেতন বৃদ্ধির দাবিতে অশান্ত গাজীপুর শিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুর মহানগরীতে পুলিশের একটি জিপে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে তিনি জানান।
শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। এসময় পরিস্থিতি দেখতে গাড়িটি নিয়ে তিনি ঘটনাস্থলে যান।
এসময় তিনি গাড়ি থেকে নামেন। মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। এসময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হঠাৎ পাবলিক গাড়িটির আশপাশে মিশে যাওয়ায় গাড়িটি আর মুভ করাতে পারেননি।
পূর্বকোণ/নুসরাত

















