উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার মো. আয়াজকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আয়াজ বালুখালী ১২ নম্বর ক্যাম্পের ৭/জি-ব্লকের ইউনুসের ছেলে।
এপিবিএন-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এপিবিএন-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও আরসা কমান্ডার মো. আয়াজকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এপিবিএন।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















