রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ফ্লাইটে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কেমেরোভো অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় নিয়মিত ফ্লাইট অ্যান-১২ বিমানটি বিধ্বস্ত হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলছে।
স্থানীয় গভর্নর ইলিয়া সেরেড্যুক জানিয়েছেন, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর একটি জরুরি উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া গভর্নর সেরেড্যুক বলেছেন, একটি হেলিকপটার ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
গভর্নর আরও যোগ করেন, এখন প্রধান কাজ হলো তদন্তকারীদের তাদের কাজ সুন্দরভাবে পরিচালনা করতে সহায়তা করা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত ধরা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দূর আকাশে একটি প্রজ্বলিত বস্তুকে নিচে পড়তে দেখা যায়। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোয় আলোকিত হয়ে ওঠে, তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা পরিষ্কারভাবে দেখা যায়নি।
বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে দৃশ্যের মিল দেখে রয়টার্স এর অবস্থানও নিশ্চিত করেছে। বিধ্বস্ত বিমানটিতে কোনো ধরনের মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অ্যান-১২ বিমানগুলো সাধারণত অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য রাশিয়ার সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। সূত্র: বিবিসি
পূর্বকোণ/ইবনুর


















