কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং ইটভাটায় মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে চারজনকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
অভিযানকালে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে মফিজ উদ্দিন ও শামসুল আলমকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় করাতকলের জন্য সংরক্ষিত গোল কাঠ ও চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া জালালাবাদ ইউনিয়নে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিক ও ম্যানেজার শামসুদ্দিন এবং সালামত উল্লাহকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোমনাথ, পুলিশ, আনসার ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















