চট্টগ্রাম বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে বাসায় ঢুকে নগদ টাকা স্বর্ণালংকার চুরি

বোয়ালখালীতে বাসায় ঢুকে নগদ টাকা স্বর্ণালংকার চুরি

বোয়ালখালী সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২৬ | ৩:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে ভাড়া বাসায় ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
 
 
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার জাফর টাওয়ারের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
 
 
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে তিন আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫৭ হাজার টাকা। ওই বাসাটি কাঁচামাল ব্যবসায়ী মনছুর আলমের।
 
 
ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাজিয়ার মাহফুজ জানান, বুধবার দুপুর ১২টার দিকে তার মা বড় বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যান। তার বাবা ব্যবসার কাজে বাইরে ছিলেন। পরে দুপুর ১টার দিকে বাসায় ফিরে তারা দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
 
 
পরে খোঁজাখুঁজি করে তারা দেখতে পান, বাসা থেকে তিন আনা ওজনের স্বর্ণালংকার ও ব্যবসার কাজে রাখা নগদ ৫৭ হাজার টাকা চুরি হয়েছে।
 
 
মাহফুজ বলেন, ‘মাত্র এক ঘণ্টার ব্যবধানে চোরের দল বাসায় ঢুকে এসব মালামাল নিয়ে গেছে।’
 
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট