চট্টগ্রাম বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চবির হীরকজয়ন্তী আজ

যাতায়াতে ৫০ বাস, বিশেষ শাটল ট্রেন ও বিনামূল্যে ই-কার সার্ভিস

চবির হীরকজয়ন্তী আজ

চবি প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরকজয়ন্তী আজ বুধবার। পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। বর্ণিল আলোকসজ্জা আর নানা সাজসজ্জায় উদযাপনের অপেক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের গৌরবময় পথচলা। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে ক্যাম্পাসে সমবেত হবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীরা।

 

 

হীরকজয়ন্তীর আয়োজনে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পরিবহনব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ৫০টি বাস। পাশাপাশি নির্ধারিত সময়সূচিতে চলবে বিশেষ শাটল ট্রেন। ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াতের সুবিধার্থে থাকবে ১২টি বিনামূল্যের ই-কার। এ ছাড়া যানবাহন চলাচল ও পার্কিং নিয়েও জারি করা হয়েছে বিশেষ নির্দেশনা।

 

হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। আলোচনা সভা ও মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

 

সকালে শহরের বিভিন্ন পয়েন্ট যাত্রা করবে ৫০টি বাস
হীরকজয়ন্তীতে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৫০টি বাস চলাচল করবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে এসব বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বড়পোল মোড়ে ইস্টার্ন ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৩০ মিনিটে একটি বাস ছেড়ে আগ্রাবাদ ২ নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স হয়ে ক্যাম্পাসে আসবে। আগ্রাবাদ বাদামতলী মোড়ে সোনালী ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে একটি এবং সকাল ৮টায় আরেকটি বাস ছেড়ে যাবে।

 

নিউমার্কেট থেকে মোট সাতটি বাস চলাচল করবে। এর মধ্যে সকাল ৭টা ৩০ মিনিটে একটি, ৭টা ৪৫ মিনিটে তিনটি এবং সকাল ৮টায় তিনটি বাস ছেড়ে যাবে। ওয়াসার মোড়ের জমিয়াতুল ফালাহ থেকে ১৫টি এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে ২৫টি বাস চলাচল করবে। এ দুটি স্থান থেকে সকাল ৭টা ৩০ মিনিট থেকে যাত্রী পূর্ণ হওয়া সাপেক্ষে বাস ছাড়বে। সর্বশেষ বাস সকাল ৮টার মধ্যে ছেড়ে যাবে। এ ছাড়া বাসে আসন খালি থাকা সাপেক্ষে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগ্রাবাদ ২ নম্বর গেট, পলিটেকনিক মোড় ও শেরশাহ লিংকরোড মোড় থেকেও বাসে উঠতে পারবেন।

 

বিকেলে শহরে ফেরার জন্য ২০টি বাসের ব্যবস্থা
অনুষ্ঠান শেষে শহরে ফেরার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রী পূর্ণ হওয়া সাপেক্ষে এসব বাস ছাড়বে। অবশিষ্ট বাসগুলো রাত ৯টায় শহীদ মিনার থেকে ছেড়ে যাবে।

বিশেষ শাটল ট্রেনের সময়সূচি
হীরকজয়ন্তী উপলক্ষে আজ ১৮ নভেম্বরের জন্য বিশেষ শাটল ট্রেনের সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট, ৭টা ৪০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, ৫টা, রাত ৮টা ৩০ মিনিট ও রাত ৯টায় ট্রেন ছেড়ে আসবে।

অন্যদিকে ষোলশহর স্টেশন থেকে সকাল ৯টা ৩০ মিনিট, ১০টা ১৫ মিনিট ও ১১টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে ষোলশহর স্টেশনের উদ্দেশ্যে সকাল ৮টা ৪০ মিনিট, ৯টা ৫ মিনিট ও ১০টা ৩০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর ১টা, ২টা, বিকেল ৩টা ৩৫ মিনিট, ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত ৯টা ৪৫ মিনিট ও ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে।

 

ক্যাম্পাসে চলবে ১২টি বিনামূল্যের ই-কার
ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত সহজ করতে ১২টি ই-কার বিনামূল্যে চলাচল করবে। এর মধ্যে ছয়টি ই-কার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রকৌশল দপ্তর থেকে শহীদ মিনার পর্যন্ত চলাচল করবে। তবে র‌্যালি চলাকালে এ পথে ই-কার চলাচল বন্ধ থাকবে। বাকি ছয়টি ই-কার কাটাপাহাড় রাস্তার মুখ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত প্রয়োজন অনুসারে চলাচল করবে।

 

সকাল ১০টায় হীরকজয়ন্তীর র‍্যালি
হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায় র‌্যালির মধ্য দিয়ে। শহীদ মিনার থেকে শুরু হয়ে র‌্যালিটি কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে। কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত বুথে সকাল ৮টা থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। শহর থেকে বাসে আসা প্রাক্তন শিক্ষার্থীরা নিরাপত্তা দপ্তরের মোড়ে নেমে নিবন্ধন সম্পন্ন করে বিনামূল্যের ই-কারে শহীদ মিনারে যেতে পারবেন। চাইলে সরাসরি শহীদ মিনারে গিয়ে র‍্যালিতে অংশ নেওয়ার পরও মাঠে নিবন্ধন করতে পারবেন।

 

যানবাহন চলাচল ও পার্কিংয়ে বিশেষ নির্দেশনা
হীরকজয়ন্তী উপলক্ষে যানজট এড়াতে যানবাহন চলাচল ও পার্কিংয়ের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, বাসগুলো জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও সমাজবিজ্ঞান অনুষদ-বাণিজ্য অনুষদ হয়ে শহীদ ফরহাদ হোসেন হলের সামনের মাঠ অথবা শহীদ আবদুর রব হলের মাঠে পার্কিং করবে।

 

ব্যক্তিগত ছোট গাড়ির জন্য নির্ধারিত পার্কিং স্থান হলো জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হল মোড় হয়ে আলাওল হল, এ এফ রহমান হলের মাঠ, কেন্দ্রীয় মসজিদের সামনের স্থান ও সোহরাওয়ার্দী হল মাঠ। এসব স্থানে জায়গার সংকুলান না হলে শহীদ আবদুর রব হল হয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের সামনে এবং শহীদ ফরহাদ হোসেন হলের মাঠে গাড়ি পার্কিং করা হবে।

 

সকালে রিজার্ভ সিএনজি ও ব্যক্তিগত গাড়িগুলো জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হলের মোড় হয়ে যাত্রী নামিয়ে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবে। এ ছাড়া দুপুর ২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও ২ নম্বর গেট থেকে কেন্দ্রীয় খেলার মাঠমুখী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের অর্জন, ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ হীরকজয়ন্তী ঘিরে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠবে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাস। প্রজন্মের মিলনমেলায় ৬০ বছরের গৌরবগাথা উদযাপনের অপেক্ষায় এখন পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট