চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলাকালে বাসের ধাক্কায় বিএনপি ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মইজ্জারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় আহতরা হলেন চরলক্ষ্যা ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন বাবলু, ফরহাদুল ইসলাম হৃদয়, মো মামুনুর রশিদ মাহি, আবুল কালাম প্রমুখ। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আহত নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মামুন মিয়া। চমেক হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের দেখতে আসেন চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া।
কর্ণফুলী উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাতে মইজ্জারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ অতিক্রম করার সময় দ্রুতগতির একটি মিনিবাস মিছিলের পিছন থেকে নেতাকর্মীদের ধাক্কা দেয়। মিছিলে থাকা আটজন মহাসড়কে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পরপরই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজনসহ নেতাকর্মীরা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুর্ঘটনায় জড়িত বাসটির গ্লাস ভাঙচুর করেন এবং চালককে আটক করেন। পরে তাঁকে কর্ণফুলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিছিলে অংশ নেওয়া দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ বলেন, মিছিল চলাকালে বাসটির চালক অসতর্ক ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মিছিলের ভেতরে ঢুকে পড়েন। এতে তাঁদের সহকর্মীরা গুরুতর আহত হন। এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখতে অনুরোধ করেন তিনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, অভিযুক্ত বাস চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পূর্বকোণ/আরআর/পারভেজ

















