চট্টগ্রাম বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ছয় দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গৌরবের অর্জন, অপূর্ণতার হিসাব

ছয় দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গৌরবের অর্জন, অপূর্ণতার হিসাব

মো. ফুয়াদ মন্ডল

১৮ নভেম্বর, ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ

পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, চারপাশে সবুজের সমারোহ, ঝিরিঝিরি বাতাস আর শিক্ষার্থীদের পদচারণা। প্রকৃতির এমন পরিবেশে দাঁড়িয়ে দেশের অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির আজ ৬০ বছর পূর্ণ হলো। এ সময়ে বিস্তৃত হয়েছে একাডেমিক পরিসর, বেড়েছে গবেষণার ক্ষেত্র ও আন্তর্জাতিক সহযোগিতা। তবে অর্জনের পাশাপাশি রয়ে গেছে আবাসনসংকট, গবেষণাগারের সীমাবদ্ধতা, পরিবহন ও চিকিৎসাসেবার অপ্রতুলতা এবং পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার অপূর্ণ স্বপ্ন। হীরকজয়ন্তীতে তাই ছয় দশকের অর্জনের পাশাপাশি সামনে আসছে প্রশ্ন, কতটা এগিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়?

আন্দোলন-সংগ্রামের ফসল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম অঞ্চলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে ১৯৬১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন পরিষদ গঠনের মধ্য দিয়ে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধ্যাপক আহমদ হোসেন, বাদশা মিয়া চৌধুরী, ড. মুহম্মদ শহীদুল্লাহসহ অনেকে। ১৯৬২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরে ১৯৬৫ সালের ৩ ডিসেম্বর অধ্যাপক এ আর মল্লিককে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়। নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তিনজন কর্মচারী, একটি টাইপরাইটার ও একটি ফটোকপিয়ার নিয়ে শুরু হয় প্রশাসনিক কার্যক্রম।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনায়েম খান বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন। ১০ দিন পর, ২৮ নভেম্বর বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি, চারটি বিভাগে ২০৪ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় একাডেমিক কার্যক্রম। প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক এ আর মল্লিক।

চার বিভাগ থেকে ৪৮ বিভাগ, শিক্ষার্থী প্রায় ২৬ হাজার
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট। সাতটি অনুষদের অধীনে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি পিএইচডি পর্যায়েও গবেষণার সুযোগ রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২৬ হাজার ৬৭৮ জন। শিক্ষক রয়েছেন প্রায় ১ হাজার ১০ জন।

 

গবেষণায় অগ্রগতি, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি
বিশ্ববিদ্যালয়ের গবেষণাসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস-ইনডেক্সড জার্নালে ৬১৫টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বছরে এটিই সর্বোচ্চ গবেষণাপত্র প্রকাশের রেকর্ড। স¤প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উপক‚লীয় এলাকা থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির মাছের শুঁটকিতে নয় ধরনের প্লাস্টিক কণা (মাইক্রোপ্লাস্টিক) শনাক্ত করেছেন। ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আজম খানের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়।

 

মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণঅভ্যুত্থান: দেশ গঠনে চবির অবদান
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ যুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ১২ জন শিক্ষার্থী ও তিনজন কর্মকর্তা শহীদ হন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মচারী মোহাম্মদ হোসেন বীরত্বের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও শিক্ষার্থীরা ভূমিকা রাখেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এ আন্দোলনে ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন শহীদ হন।

 

আবাসিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, বাস্তবে আবাসনসংকট
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২৬ হাজার ৬৭৮ জন। তাঁদের জন্য আবাসিক হল রয়েছে ১৪টি। এসব হলে মোট আসন ৬ হাজার ৩৬৯টি। অর্থাৎ শিক্ষার্থীদের তুলনায় আবাসনসুবিধা সীমিত। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে মেস, কটেজ ও ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, ‘ আসনসংকটের কারণে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা কটেজগুলোতে থাকতে হচ্ছে। এতে আমাদের আর্থিক ব্যয় যেমন বাড়ছে, তেমনি পরিবারের ওপরও চাপ পড়ছে।’ শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন হল নির্মাণ, বিদ্যমান হল সংস্কার ও নিরাপদ আবাসন নিশ্চিত করে আবাসিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেবে প্রশাসন।

পরিবহন, চিকিৎসা ও দৈনন্দিন সেবায় ঘাটতি
শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন। পাশাপাশি বাস ও অন্যান্য পরিবহনসুবিধা থাকলেও তা পর্যাপ্ত নয়। চিকিৎসাসেবায়ও রয়েছে সীমাবদ্ধতা। এ ছাড়া পর্যাপ্ত পাঠাগার, আধুনিক গবেষণাগার, নিরবচ্ছিন্ন ইন্টারনেট, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার দাবিও রয়েছে শিক্ষার্থীদের।

 

আগামী দিনের চ্যালেঞ্জ: বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠা
ছয় দশকের অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও গৌরবোজ্জ্বল অবস্থানে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, ‘হীরকজয়ন্তী শুধু ষাট বছরের উদযাপন নয়। এটি একটি ইতিহাস, অতীত নিয়ে আলোচনা, বর্তমান নিয়ে আলোচনা এবং ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের উপলক্ষ। কোন জায়গায় আমাদের ঘাটতি ছিল, সেগুলো সমন্বয় করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হীরকজয়ন্তীর মূল উদ্দেশ্য।’তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস রয়েছে, আমরা তা আরও গৌরবোজ্জ্বল করতে চাই। তাই শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, একাডেমিক উৎকর্ষ সাধন ও প্রায়োগিক গবেষণার খাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

 

 

শাটল ট্রেনে বাঁধা চবির তারুণ্য, সংস্কৃতি ও ঐতিহ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা উঠলে শাটল ট্রেনের প্রসঙ্গ আসবে না, তা যেন অকল্পনীয়। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন একটি স্বতন্ত্র পরিচয়ের প্রতীক। ১৯৮০ সালে চালু হওয়া এই পরিবহনব্যবস্থা দীর্ঘদিন ধরে শহর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। শাটল ট্রেন কেবল যাতায়াতের বাহন নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, বন্ধুত্ব, স্মৃতি ও তারুণ্যের অন্যতম প্রতীক। ট্রেনের কামরায় গান, কবিতা, আড্ডা, বিতর্ক ও রাজনৈতিক আলোচনা সব মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য ক্যাম্পাস সংস্কৃতি। অনেক শিক্ষার্থীর কাছে শাটল ট্রেনের প্রতিটি যাত্রাই বিশ্ববিদ্যালয়জীবনের অবিচ্ছেদ্য স্মৃতি।

 

তবে এই ঐতিহ্যের বিপরীত দিকও রয়েছে। শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পরিবহনব্যবস্থার সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত ভিড়, ট্রেনের সময়সূচি, আসনসংকট এবং যাতায়াতের দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ফলে শাটল ট্রেনের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোও এখন সময়ের দাবি।

 

দীর্ঘ বিরতি ভেঙে চাকসু, শিক্ষার্থীদের প্রত্যাশা এখনও অধরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্বের বিকাশ এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক রাজনীতির ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৫ অক্টোবর দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৬টি পদের মধ্যে ২৪টিতে জয় পায় শিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থীজোট। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিত্বের নতুন অধ্যায় শুরু হয়।

 

নির্বাচনের পর শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেয় চাকসু। যাতায়াতের ভোগান্তি কমাতে শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ চালু, অনলাইন ব্যাংকিং ও অটোমেশন ব্যবস্থা, আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণে ফ্রিজ সরবরাহ, মেডিসিন কর্নার স্থাপন, হলগুলোর সংস্কার, পাঠাগারের সংস্কার ও আসনসংখ্যা বৃদ্ধি এবং জব ফেয়ারের আয়োজন উল্লেখযোগ্য। পাশাপাশি জাতীয় গবেষণা উৎসবসহ বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনেও ভূমিকা রেখেছে সংগঠনটি।

 

লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তওহিদ ইসলাম বলেন, ‘চাকসুর কিছু উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। বিশেষ করে যাতায়াত ও ডিজিটাল সুবিধার ক্ষেত্রে নতুন উদ্যোগগুলো কাজে আসছে। তবে এগুলো আরও কার্যকর ও সবার জন্য সহজলভ্য করা প্রয়োজন।’তবে এসব উদ্যোগের পরও শিক্ষার্থীদের দীর্ঘদিনের অনেক প্রত্যাশা পূরণ হয়নি। আবাসনসংকট, পরিবহন ভোগান্তি, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, হলের খাবারের মান এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার মতো মৌলিক সমস্যাগুলোর টেকসই সমাধান এখনো অধরা।

 

ইতিহাস বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী সৌরভ বলেন, ‘নির্বাচনের পর চাকসুর কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিছু উদ্যোগ নেওয়া হলেও হলের আসনসংকট, পরিবহন ও চিকিৎসাসেবার মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। আমরা চাই, এসব বিষয়ে চাকসু আরও কার্যকর ভূমিকা রাখুক।’ চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, ‘আমরা সব ইশতেহার ধরে ধরে বাস্তবায়নের কাজ করেছি। কিছু কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, আর কিছু কাজ এখনো চলমান রয়েছে।’

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট