চট্টগ্রাম বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জঙ্গল সলিমপুরের ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরের ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৬ | ৪:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা সাইবার ইউনিটের বিশেষ আভিযানিক দল গতকাল রাতভর নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  
 
 
গ্রেপ্তারকৃতরা হলো—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান  ও মো. আনোয়ার হোসেন।
 
 
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণার তথ্য পাওয়া গেছে।
 
 
 
পুলিশ আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তার বিভিন্ন কর্মকাণ্ড ও জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনাসহ সকল অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে জানা যায়। মেহেদী ও সাকিব হাসান দুই ভাই ইয়াসিনের আপন বোনের ছেলে এবং আলিনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজের অ্যাডমিন। আনোয়ার ইয়াসিনের আপন বোনের ছেলে এবং বিভিন্ন ভুয়া আইডি ব্যবহারের মাধ্যমে প্রচারণায় সম্পৃক্ত ছিলেন। পারভেজও ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।
 
 
ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করত। ফেসবুক পেজ ও আইডি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হতো।
 
 
পরিকল্পিত পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব অপপ্রচার ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
 
 
অভিযানে তাদের কাছ থেকে ৮টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট আইডি, পেজ, যোগাযোগ, অর্থায়ন ও প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
 
 
গ্রেপ্তার আসামিদের মোবাইল পর্যালোচনা করে ইতোমধ্যে ৩৯টি পেইজ ও আইডি পাওয়া গেছে যাদের বিরুদ্ধে অনুসন্ধান করে অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট