চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা খামার থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকার মেহেদী হাসানের পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পোল্ট্রি খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসান বলেন, ‘বুধবার দিবাগত রাতের কোন একসময় চোরের দল প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। খামারের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১৫ টি সিলিং ফ্যান, ২০ টি এলইডি লাইট ও ৭০ হাজার টাকার মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খামারে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়।’
মেহেদী হাসান আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে পোল্ট্রি খামারের ব্যবসা শুরু করেন। ছোট পরিসরে শুরু করা ব্যবসাটি ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছি। বর্তমানে খামারে মুরগি না থাকায় সেই সুযোগে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। এতে আমার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ’
এদিকে স্থানীয়রা বলেন, গত দুদিন আগেও একই এলাকার আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দোকানে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরি নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, পোল্ট্রি খামারে চুরির বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/রানা



















