পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের একটি কারাগার থেকে মুক্তি পান তারা।
দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
আইনজীবী রানা মুদাসসার জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তাদের মুক্তি দেওয়া হয়। সরকার দুই বোনের বিরুদ্ধে জারি করা যৌথ আটকাদেশ প্রত্যাহার করায় তারা মুক্তি পেয়েছেন। তবে ইমরানের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে।
নরিন নিয়াজির ছেলে ওয়ালি এক্সে লিখেছেন, ৫৩ দিন ধরে তার মা ও খালাকে এমপিওয়ের ৩ নম্বর ধারায় আটকে রাখা হয়েছিল। কোনো অভিযোগ ছিল না, কোনো বিচারও হয়নি। দুই সপ্তাহ আগে সত্তরোর্ধ্ব নোরিনকে একটি হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অথচ আমাদের কিছুই জানানো হয়নি। আজ তাদের মুক্তি দেওয়া হলো।
গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ইমরান খানের তিন বোন উজমা, নরিন ও আলিমাকে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) আওতায় আটক করা হয়। এরপর তাদের ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেয় আদালত।
৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর গত মাসে তাদের মুক্তি চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন করেন আইনজীবী। তবে পাঞ্জাব সরকার জানায়, তাদের আটকের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে।
পরবর্তীতে পিটিআইয়ে আইনজীবী আবারও আবেদন করলে আজ দুইজনের আটকাদেশের মেয়াদ বাড়ানোর আদেশ প্রত্যাহার করে আদালত।
তবে তিন বোনের মধ্যে সবার আগে আটক হওয়া আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।
পূর্বকোণ/মিফতা




















