চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের পূর্ত কাজ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে। প্রকল্পের পূর্ত কাজ শেষ হওয়ার পর ৩৬ খালের দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পটির ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হিজরাখালের অসমাপ্ত কাজের উপর।
পাশাপাশি নোয়াখাল, মহেশখালী ও জামালখান খালের কয়েকটি অংশেও চলছে নির্মাণকাজ। প্রকল্পের পূর্ত কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হলেও ভূমি অধিগ্রহণের কার্যক্রম আগামী মার্চ মাস পর্যন্ত চলতে পারে। মার্চ থেকে প্রকল্প হস্তান্তর করতে একটি রোডম্যাপ তৈরি করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৩৬ খালের মধ্যে হিজরা খালের প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে। দ্রুত কাজ শেষ করতে গত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। হিজরাখালের বিভিন্ন অংশে ভাগ করে একাধিক ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। সবাই এখন পূর্ণ সক্ষমতায় কাজ করছেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্মাণকাজের গতিও বাড়ানো হয়েছে।
হিজরাখাল ছাড়াও নোয়াখাল খালের ইস্পাহানি ও ওসমানিয়া পুলসংলগ্ন অংশ, মহেশখালী খালের ফইল্লাতলী বাজার এবং জামালখান খালের সাব-এরিয়া ও রহমতগঞ্জ এলাকায় কিছু কাজ বাকি রয়েছে। এ ছাড়া নোয়াখালের শমশের পাড়া এলাকায় একটি সেতুর নির্মাণকাজ চলছে। এন মোহাম্মদ গ্রুপের কাছের সেতুটির কাজও প্রায় শেষ পর্যায়ে। সেখানে দুই পাশের গাইডওয়াল, একটি সাপোর্টিং কালভার্ট এবং কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। কয়েকটি স্থানে স্ল্যাব নির্মাণের কাজও শেষ পর্যায়ে।
এ সম্পর্কে জানতে চাইলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী বলেন, ইতোমধ্যে আমাদের প্রকল্পের ৯৬ শতাংশ শেষ হয়েছে। অসমাপ্ত কাজের অধিকাংশই ছোট ছোট অংশে সীমাবদ্ধ। ফলে ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রকল্পের পূর্ত কাজ শেষ হবে বলে আশা করছি। তবে ভূমি অধিগ্রহণের কার্যক্রম আগামী মার্চ মাস পর্যন্ত চলতে পারে।
ভূমি অধিগ্রহণের অগ্রগতির কথা তুলে ধরে প্রকল্প পরিচালক বলেন, ভূমি অধিগ্রহণের জন্য মোট ১১টি মামলা রয়েছে। এরমধ্যে সাতটি মামলার সরকারি অনুমোদন পাওয়া গেছে। হিজরাখালের ভূমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে। গত তিন সপ্তাহ ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের অর্থ বুঝে নিচ্ছেন। বাকি মামলাগুলোর অনুমোদন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে বলে আশা করছি। সে ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের কার্যক্রম আগামী মার্চ মাস পর্যন্ত চলতে পারে।
প্রকল্পের পূর্ত কাজ শেষ হওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে খালগুলোর দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী বলেন, দীর্ঘ আট বছরের অভিজ্ঞতায় খালগুলোর রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব কৌশল অনুসরণ করা হয়েছে, সেগুলো সিটি কর্পোরেশনের সাথে শেয়ার করবো। এতে তারাও খাল রক্ষণা-বেক্ষণের কাজ করতে পারবে।
প্রাথমিকভাবে দুই থেকে তিন মাস সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, পরবর্তী সময়ে সিটি কর্পোরেশন এককভাবে এসব খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। তবে নির্মিত অবকাঠামোর ত্রুটি বা কাঠামোগত কোনো সমস্যা দেখা দিলে এক বছরের ত্রুটি দায়বদ্ধতার (ডিফেক্ট লায়াবিলিটি) আওতায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা তা মেরামত করবে। এ জন্য ঠিকাদারদের জামানত হিসেবে রাখা নিরাপত্তা অর্থ (সিকিউরিটি মানি) ব্যবহার করা হবে।
পূর্বকোণ/ইবনুর



















