চট্টগ্রামের বোয়ালখালীতে একটি দোকানের টিনের বেড়া কেটে নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, সিগারেটসহ ৭০ হাজার টাকা মূল্যের মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শান্তির বাজারের রতন স্টোরে এ ঘটনা ঘটেছে।
দোকানটির মালিক রনি চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করেছিলেন। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখে এ ঘটনা জানতে পারেন।
তিনি বলেন, দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেছে চোরের দল। দোকানে রাখা মোবাইল ব্যাংকিংয়ের নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, দুধ, চিনি, চা-পাতা ও বিভিন্ন পানীয়সহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে গত ১৬ মার্চ এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বকোণ/পিআর



















