চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ার পালংখালীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া

উখিয়া সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

উখিয়ার পালংখালীর বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তেই দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও পথচারীরা। বর্তমানে বটতলী এলাকার পরিস্থিতি থমথমে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ইয়াবা সংক্রান্ত বিরোধ নিয়ে জয়নাল বাহিনীর সদস্যরা এ ত্রাস সৃষ্টি করে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, পালংখালীর বটতলী এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত আব্দুস সালামের ছেলে মুন্নার হাতে একটি আগ্নেয়াস্ত্র এবং মুন্না অস্ত্র নিয়ে বার বার তেড়ে আসতে দেখা গেছে ভিডিওতে।

ভিডিওতে আরো দেখা যায়, বটতলীর শামসুর ছেলে মিজানের হাতেও আরো একটি অস্ত্র ছিলো। এছাড়া জিসান ও শমসু নামে দুজনকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার কিছুক্ষণ পর বিজিবির একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয় অসংখ্য নারী পুরুষ জড়ো হয়ে গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট