চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বেসরকারি স্কুলে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর নির্ধারণ; লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা

বেসরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৬ | ৫:৪০ অপরাহ্ণ

নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। এবং ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তির জন্য বসতে হবে লিখিত পরীক্ষায়। 
 
 
 
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ছয় বছর নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগে এ বয়সসীমা ছিল পাঁচ বছর। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় পাবেন।
 
 
 
ভর্তির আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
 
এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়।
 
ভর্তি পদ্ধতি সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে লটারি আয়োজন করতে হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। 
 
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থী ভর্তি করা যাবে।
 
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করতে হবে।
 
নীতিমালায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
 
চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ১০০। এ ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
 
আবেদন ফি সম্পর্কেও সীমা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফর্মের জন্য ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা। এছাড়া সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।
 
 
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট