চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

কর্ণফুলী সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৬ | ৮:৩৭ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে ওই মামলাটি দায়ের করা হয়।

মামলায় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বেশ কয়েকজন ইউপি সদস্যকেও আসামী করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলার বড়উঠান মহাসড়কে শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জন নেতাকর্মী দলীয় ব্যানার নিয়ে সড়কে অবস্থান করছেন। এ সময় তাদের কয়েকজন মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন এবং শেখ হাসিনার দেশে ফেরার অনুকূল পরিবেশের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে সংগঠনটির মূল স্লোগান ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে শোনা যায় তাঁদের। এর আগে উপজেলার শিকলবাহার কালারপোল হাজী ওমরা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগ নেতারা।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে ।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট