চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

ফটিকছড়ি সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ভবনের পাশে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হয়েছে সাঈম (৫) নামে এক শিশুর। এ ঘটনায় ভবনমালিকের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।
 
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম রহমান চৌধুরী বাড়ির পাশে সাদেক নগর আত্-তাকওয়া মাদ্রাসার সুপার মাওলানা শামশুদ্দীনের ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈম স্থানীয় বাসিন্দা মো. আখতারের ছেলে। তার বাবা পেশায় একজন কৃষক।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভবনের দুই ভাড়াটিয়ার শিশুর সঙ্গে খেলছিল সাঈম। খেলার ছলে একপর্যায়ে ভবনের পাশে থাকা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে শিশুটির চাচা হেলাল ও ফারুক দ্রুত তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলেও পথেই নিভে যায় পাঁচ বছরের শিশুটির জীবনপ্রদীপ।
 
নিহতের চাচা হেলাল অভিযোগ করেন, ভবনের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনাযুক্ত পানি ফেলে আসছিলেন ভবনমালিক মাদ্রাসার সুপার মাওলানা শামশুদ্দিন। এতে ওই স্থান পিচ্ছিল হয়ে পড়েছিল। অন্যদিকে সেপটিক ট্যাংকের ঢাকনাও প্রায় সময় খোলা রাখা হতো। তার অভিযোগ, ভবনমালিকের এমন অবহেলা ও অসতর্কতার কারণেই প্রাণ দিতে হয়েছে তার নিষ্পাপ ভাতিজাকে।
 
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট