চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার শর্ত রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
তিনি জানান, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না।
এদিকে, ভর্তি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপ-উপাচার্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি ২০২৭ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী তিনটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















