চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ঝটিকা মিছিল থেকে আটক ৩

চকরিয়ায় নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ঝটিকা মিছিল থেকে আটক ৩

চকরিয়া সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘিরে নেতা-কর্মীদের তৎপরতা দেখা গেছে। এর মধ্যে একটি মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
 
বুধবার (১১ নভেম্বর) সকালে ও দুপুরে পৃথক স্থানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
 
আটক ব্যক্তিরা হলেন- চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা পশ্চিমপাড়ার বাবুল হোসেন (১৭), পশ্চিম কাহারিয়াঘোনার আরফাত নোমান (১৮) এবং খন্দকারপাড়ার বাবু মিয়া (১৭)।
 
বুধবার দুপুরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এতে নেতৃত্ব দেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পর্যালোচনায় সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কলিম উল্লাহ কলি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন জিকু, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসিব হোছাইন, সহসম্পাদক রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা সজীব হোছাইন, নজরুল ইসলাম ও জিয়াবুল করিম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস উল্লাহকে দেখা গেছে। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিও দেখা যায়।
 
অন্যদিকে, বুধবার ভোররাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগ নেতা এনামুল হক মঞ্জুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ঝটিকা মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে দেখা যায়। পরে খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে তিনজনকে আটক করে।
 
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল সিফাত এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরহান মাহমুদ রুবেলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী ওই মিছিল বের করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মিছিল করেন বলে জানিয়েছে পুলিশ।
 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
 
এদিকে, কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে কাইছারের নেতৃত্বে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। ভিডিওটি মাতামুহুরী উপজেলার বদরখালী এলাকার বলে জানা গেছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট