চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ এক মাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে ফের আটক করে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আটক ইয়াসিন উপজেলার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার জাফতনগর ইউনিয়নের আমির আলী সওদাগর বাড়ি থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে হেফাজতে নিয়ে ফাঁড়িতে রাখা হয়।
ফাঁড়িতে অবস্থানকালে প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থাতে বাইরে বের হন ইয়াসিন। এ সময় সুযোগ বুঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ চম্পট দেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তাকে আটকের জন্য ফের অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, মদসহ আটক ওই আসামি প্রস্রাব করার বাহানা দিয়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে দ্রুত আটক করা হয়।
পূর্বকোণ/রানা/পারভেজ


















