চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ আটক ৩

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১:০৪ অপরাহ্ণ

চোরাচালান রোধে অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে ওই এলাকায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি ফিশিং বোটে সার স্থানান্তরকালে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা বা ১১ হাজার কেজি সার জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ তিন পাচারকারীকে আটক করা হয়।

 

জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট