শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং একটি সুন্দর ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে “লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যামিয়েবল রোজ গার্ডেনের” বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চকবাজারের নবাব সিরাজউদ্দৌলা রোডে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যামিয়েবল রোজ গার্ডেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি আয়োজন করেন ক্লাবের ফ্যামিলি অ্যান্ড উইমেন চেয়ারপারসন এবং পাস্ট প্রেসিডেন্ট লায়ন সাভিনা একরাম শিরাজী এমজেএফ।
এতে এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের বিপুল সংখ্যক শিশু ও মায়েরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক নিয়মে হাত ধোয়া, পুষ্টি সচেতনতা এবং ঋতুভিত্তিক সাধারণ অসুস্থতা প্রতিরোধে মায়েদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ চিকিৎসাপরামর্শ ও স্বাস্থ্যগত দিকনির্দেশনা প্রদান করেন ডা. তাসলিম চৌধুরী। পরামর্শ পর্ব শেষে উপস্থিত সকল শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, আরসি হেডকোয়ার্টার্স অ্যাডমিন-১ লায়ন জাহানারা বেগম এমজেএফ, আরসি হেডকোয়ার্টার্স অ্যাডমিন লায়ন তারেক কামাল, ফ্যামিলি অ্যান্ড উইমেন চেয়ারপারসন ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন সাভিনা একরাম শিরাজী এমজেএফ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন জসিম উদ্দিন এবং প্রেসিডেন্ট লায়ন এ এন এম শরীফ সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। সমাজকর্মী-স্থানীয় ব্যক্তিবর্গ এবং চট্টগ্রাম অ্যামিয়েবল রোজ গার্ডেনের লিও ক্লাবের সদস্যরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সমাপনী বক্তব্যে আয়োজক ও লায়ন্স নেতৃবৃন্দ বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবার ও সমাজে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। সুবিধাবঞ্চিত শিশু ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানো এবং একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়েই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বক্তারা আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম অ্যামিয়েবল রোজ গার্ডেনের এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/জিলানী/ইবনুর


















