চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ ও সাংবাদিক সেজে পাঁচজনের দলবল নিয়ে বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই প্রতারক। এসময় আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার মোনাইরকান্দি গ্রামের আব্দুল গনির ছেলে সাখাওয়াত হোসেন (৪৩) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার কতুবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো,মাইন উদ্দিন (৪৬)। পলাতক তিনজন হলেন-মো.জাহিদ, মো.মুস্তাফিজ ও বাবুল।
হালিশহর থানার এসআই মোশারফ হোসেন আদিব বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার হালিশহরের শান্তিবাগ এলাকার শ্যামলী আবাসিকের আলী বশর ভবনের ভাড়া ঘরে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রবেশ করে ৫জন। তারপর বাসায় উপস্থিত বউ ও শাশুড়িকে বলে এই বাসায় অবৈধ কাজ হচ্ছে, যদি আমাদের ১ লাখ টাকা দেওয়া না হয় আমরা তোমাদের থানায় নিয়ে যাবো। তখন ভুক্তভোগী আনোয়ারা বেগম (৫৫) তার ছেলেকে কল দিলে বিষয়টি জানালে সে আশেপাশের মানুষজন নিয়ে ঘরে আসে। তারপর উপস্থিত পাঁচজনের পরিচয় জানতে চাইলে তারা সাংবাদিক ও পুলিশ পরিচয় দেয়। তখন তারা যাচাই করার জন্য হালিশহর থানায় কল দিলে বিষয়টি বুঝতে পেরে ৩ জন পালিয়ে যায়, বাকি ২ জনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/রাজীব

















