চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কারাবন্দি সাংবাদিক ফারজানা রুপাকে হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

কারাবন্দি সাংবাদিক ফারজানা রুপাকে হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:২৬ অপরাহ্ণ

জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের করা হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা আলোচিত সাংবাদিক ফারজানা রূপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

 

কারা অধিদপ্তরের ডিআইজি (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান বুধবার (০২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন শারীরিক জটিলতা দেখা গেলে গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

কারা অধিদপ্তরের মিডিয়া অফিসের কর্মকর্তা জেলার মাসুদ হাসান জুয়েল সাংবাদিকদের জানান, মুন্সিগঞ্জ কারাগারে রূপা অসুস্থ হয়ে পড়ায় তাকে বিএমইউ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। তিনি ফ্যাটি লিভার ও স্ত্রীরোগসংক্রান্ত জটিলতায় ভুগছেন ।

 

দেশের বাইরে যাওয়ার সময় ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় পরের দিন তাদের চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়। ২০২৪ সালের ৩১ আগস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

 

২০২৬ সালের ১১ মে হাই কোর্ট ফারজানা রূপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিল। তবে প্রত্যেকের আরও একটি মামলায় জামিন না হওয়ায় তখন তারা মুক্তি পাননি।

পরে ৭ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাদের ওই জামিনের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে জামিন প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়। একাত্তর টেলিভিশন ২০২৪ সালের ৮ আগস্ট শাকিল ও রূপাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছিল।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট