চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

কক্সবাজার সংবাদদাতা

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্ট-সংলগ্ন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।

 

নিহত জেলেরা হলেন— কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। একই এলাকার নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে অপর দুই জেলে এখনও সাগরে নিখোঁজ রয়েছেন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কয়েকজন জেলেকে নিয়ে ট্রলারটি গভীর সাগরে মাছ শিকারে যায়। বৃহস্পতিবার ভোরে মাছ ধরে কূলে ফেরার পথে নাজিরারটেক মোহনার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি প্রবল উত্তাল তরঙ্গ ও ঝোড়ো হাওয়ার মুখে পড়ে উল্টে যায়।

 

খবর পেয়ে আশপাশে থাকা অন্য মাছ ধরার ট্রলারের সহায়তায় স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাটি কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট নৌ-পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

 

কক্সবাজারের উপকূলীয় এলাকা নাজিরারটেক পয়েন্টে ঘন ঘন চ্যানেলের পরিবর্তন ও ডুবোচরের কারণে প্রায়ই আকস্মিক ঝড়ে ট্রলার দুর্ঘটনার মুখোমুখি হয়। এ বিষয়ে জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট