চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলা পৌর এলাকার বিসিক শিল্পাঞ্চলের এম এস ইয়াকুব অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলে এ অভিযান পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন অনুযায়ী পুরাতন বা মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পলিশিং বা অন্য খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং খাদ্য অধিদপ্তরের সিল ছাড়া সরকারি গুদামের খাদ্যদ্রব্যের বস্তা বা ব্যাগ ক্রয়-বিক্রয় ও বিতরণ করা অপরাধ। উক্ত অপরাধে এম এস ইয়াকুব অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের ম্যানেজার মোহাম্মদ শাহ জাহানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্টে একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















