রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীন ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন ও মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। ভবিষ্যতেও তারা অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করবে বলে আশ্বাস দিয়েছে।
তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে দুই বন্ধুপ্রতিম দেশ। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের সমাধানে চীন ইতিবাচক অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বার্তা দিয়েছে।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের কার্যক্রম পুনরায় শুরু হয়।
পূর্বকোণ/পিবিরা















