উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। বোস্টনে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বিশ্বকাপের গত ৭২ বছরের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েন এই ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচের সপ্তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে। ২০ মিনিটে দ্বিতীয় গোল করার এক মিনিট পরই নরওয়ের হয়ে ব্যবধান কমান থেলো অসগার্ড। তবে ৩২ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে।
যোগ করা সময়ে একাদশে ফেরা দেজিরে দুয়ে চতুর্থ গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন।
দ্বিতীয়ার্ধে নরওয়ের সামনে ব্যবধান কমানোর দারুণ সুযোগ এসেছিল। ৫০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তাঁর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।
এই ম্যাচে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে বিশ্রামে রেখে একাদশে ১০টি পরিবর্তন আনে নরওয়ে। তবুও কয়েকটি সুযোগ তৈরি করলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারেনি তারা।
তিন ম্যাচে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। অন্যদিকে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২ দলের পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে ‘ই’ গ্রুপের রানার্সআপ আইভরি কোস্ট।















