চট্টগ্রাম শনিবার, ২৭ জুন, ২০২৬

সর্বশেষ:

আবারও ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নতুন আতঙ্ক

অনলাইন ডেস্ক

২৭ জুন, ২০২৬ | ১২:২৭ অপরাহ্ণ

ভয়াবহ দুটি শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির উত্তর উপকূলীয় এলাকায় শুক্রবার স্থানীয় সময় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমএসসি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে নতুন এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছে, রাজধানী কারাকাসসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে, যা মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এর আগে গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ সরকারি তথ্যে মৃতের সংখ্যা ৯২০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন এবং ধ্বংসস্তূপের নিচে এখনো ১৭২ জনের বেশি মানুষ আটকা রয়েছেন। নিখোঁজের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করে বলেছে, উদ্ধারকাজ শেষ হলে প্রাণহানির সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

এদিকে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

পূর্বকোণ/পিবিরা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট