চট্টগ্রাম শনিবার, ২৭ জুন, ২০২৬

সর্বশেষ:

ঘরে ঢিল ছোড়া নিয়ে ঝগড়া, পেকুয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

পেকুয়া সংবাদদাতা

২৭ জুন, ২০২৬ | ১:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বসতঘরে ঢিল ছোড়া নিয়ে ঝগড়ার জেরে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ৮টায় উপজেলার মগনামা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মগনামার হারুন মাতবর পাড়ার বাসিন্দা।

জানা গেছে, হত্যায় অভিযুক্তরা হলেন- পুরাতন বহদ্দার পাড়ার নুরুল হোছাইনের ছেলে শিফাত ও শাহ আলমের ছেলে বাহাদুর।

নিহতের পরিবার জানায়, রাতে হঠাৎ বাড়িতে ঢিল ছোড়ার শব্দ পেয়ে আবু তাহের ঘর থেকে বের হয়ে শিফাতের কাছে কারণ জানতে চান। এ সময় শিফাত ক্ষীপ্ত হয়ে তাকে কিরিচ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পুকুরে ফেলে দেয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা পালানোর পর আবু তাহেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে নবাব মিয়া জানান, শিফাত একজন চিহ্নিত বখাটে। আমার মালয়শিয়া প্রবাসী ছোট ভাই কায়সারের স্ত্রীকে সে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে আগে সামাজিকভাবে বিচার-সালিশও হয়েছে এবং শিফাতের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছিল। এরপরও সে উত্যক্ত করা বন্ধ করেনি। শুক্রবার রাতে আমার বাবা এর প্রতিবাদ করায় শিফাত ও বাহাদুর পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে।

হত্যাকাণ্ডের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট