চট্টগ্রাম রবিবার, ১৪ জুন, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

১৪ জুন, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরযোগে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্কের সামনে পৌঁছালে ট্রাক্টরের একটি চাকা হঠাৎ খুলে যায়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাকিল ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, ‌‘হঠাৎ দূর থেকে দেখি একটি ট্রাক্টর মহাসড়কে উল্টে পড়ে আছে। কাছে গিয়ে দেখি ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চালক মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বকোণ/সাঈদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট