চট্টগ্রাম রবিবার, ১৪ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাটির নিচে মিললো ১০টি গ্রেনেড ও ২৮ রাউন্ড গুলি

টেকনাফ সংবাদদাতা

১৪ জুন, ২০২৬ | ৪:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৪ জুন) দুপুরে টেকনাফের জাদিমুড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মোক্তাদীন ছিদ্দিকী এ তথ্য জানান।

এর আগে শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট মোক্তাদীন ছিদ্দিকী জানান, গতকাল রাতে পরিচালিত অভিযানে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর লুকিয়ে রাখা অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় জাদিমুড়া এলাকায় মাটির নিচ থেকে মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ৩৬এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০মি.মি এইচইডিপি গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। একই স্থান থেকে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, উদ্ধার হওয়া এসব ধ্বংসাত্মক গোলাবারুদ অসৎ ব্যক্তিদের হাতে পড়লে বা বিস্ফোরিত হলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। কোস্ট গার্ডের এ অভিযানের মাধ্যমে সীমান্ত ব্যবহার করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়েছে। উদ্ধার করা গ্রেনেড, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা ও নাফ নদী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানবপাচার এবং সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা রোধে তাদের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট