চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

ডি লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ

মিঠুন চক্রবর্তীর মুকুট লাগতে চলেছে নতুন পালক। অভিনেতাকে সাম্মানিক ডি.লিট উপাধি দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বাংলার ‘ফাটাকেষ্ট’ ও বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিনয় জীবন ৫০ বছরের। 
 
 
এর পাশাপাশি রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন এ বাংলার ফাটাকেষ্ট। এখন রাজনীতির ময়দান দাপিয়ে বেড়াচ্ছে তিনি। কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা।
 
 
 
আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০ তম কনভোকেশন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডক্টর অফ লেটার্স উপাধি দেওয়া হবে। কেবল মিঠুন চক্রবর্তী নন, উক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে প্রফেসর জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে ডক্টর অফ সায়েন্স বা ডি.সায়েন্স উপাধি দেওয়া হবে। 
 
 
 
জানা গিয়েছে, সিনেমা জগতে মিঠুন চক্রবর্তীর অনস্বীকার্য অবদানের জন্যই তাঁকে এই উপাধি দেওয়া হতে চলেছে। গত ৫ দশকেরও বেশি সময় ধরে তিনি নিরলস ভাবে টলিউড, থেকে বলিউড এবং অন্যান্য ভাষার সিনেমায় কাজ করে চলেছেন। এছাড়া রাজনৈতিক ময়দানেও তিনি সমানভাবে সক্রিয়। সম্প্রতি তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের কালচারাল উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে রিসার্চ এবং বিজ্ঞানের ফিল্ডে তাঁদের অবদানের জন্য ডি.সায়েন্স উপাধি দেওয়া হচ্ছে জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে। 
 
 
 
প্রসঙ্গত, অতীতে মিঠুন চক্রবর্তী একাধিক সম্মান পেয়েছেন তাঁর কাজের জন্য। ২০২৪ সালে তিনি পদ্মভূষণ পান। ২০২২ সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার। এটি ভারতের সিনেমা জগতের সবথেকে বড় সম্মান। অন্যদিকে ডি.লিট সম্মানটি পিএইচডি ডিগ্রির সমতুল্য। আর্টস, হিউম্যানিটিসরও, এবং ক্রিয়েটিভ ফিল্ডে অবদানের জন্য এই ডিগ্রি দেওয়া হয়ে থাকে। 
 
 
মিঠুন চক্রবর্তীকে দর্শকরা শেষবার ‘জেলার ২’ ছবিটিতে দেখেছেন। এছাড়া এই বছর মুক্তি পাওয়া ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবিটিতেও তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন