স্পেনের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার শুক্রবার (২৩ অক্টোবর)পেয়েছেন তিনি।
আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বয়স এখন ৩৯ বছর। জুন মাসে তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। বিচারকমণ্ডলী তখন তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ বলে প্রশংসা করেন। তার সামাজিক কাজেরও প্রশংসা করা হয়।
স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। সেখানে মেসি পৌঁছালে ব্যাগপাইপ ও ঢোলের বাদ্য বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগানে স্লোগানে প্রিয় তারকার নাম উচ্চারণ করেন।
স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর মেসির হাতে পুরস্কার তুলে দেন। রাজকন্যার নাম অনুসারেই এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে মেসির হাতে একটি পার্চমেন্ট স্ক্রলও তুলে দেওয়া হয়।
মেসির ক্যারিয়ারের প্রশংসা করে লিওনর বলেন, তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার শুরু হয় ১৯৮১ সালে। একে অনেক সময় স্প্যানিশ নোবেল পুরস্কার হিসেবেও আখ্যা দেওয়া হয়। এই পুরস্কারের সঙ্গে থাকে ৫০ হাজার ইউরো (প্রায় ৭০ লাখ টাকা)। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া, তিন ক্ষেত্রেই প্রতি বছর এটি দেওয়া হয়। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর চেষ্টাকে সম্মান জানানোই এর উদ্দেশ্য।
শুক্রবার (২৩ অক্টোবর) আরও কয়েকজন পুরস্কার নিয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের পথিকৃৎ নভোচারী ক্রিস্টিনা কোচ ও পাঙ্ক তারকা প্যাটি স্মিথ।
এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। এ তালিকায় রয়েছেন ম্যারাথনে রেকর্ডধারী এলিউদ কিপচোগে এবং যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভন।
পূর্বকোণ/মিফতা



















