সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করার সময় বহুতল ভবনের ছয়তলার বারান্দা থেকে নিচে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরী টিকটকারের মৃত্যু হয়েছে। জাপানে সংঘটিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নিহত কিশোরীর নাম রূকা। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রূকা বহুতল ওই ভবনের ছয়তলার বারান্দার রেলিংয়ে বসে টিকটকে লাইভ ভিডিও তৈরি করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় বাঁচার জন্য কয়েক সেকেন্ড রেলিংটি আঁকড়ে ধরে ঝুলে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হাত ফস্কে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ পুরো দৃশ্যটি লাইভ ক্যামেরায় ধরা পড়ে।
লাইভস্ট্রিমিংয়ে যুক্ত থাকা কয়েকজন দর্শক জানান, ঘটনার আগমুহূর্তে রূকাকে বারবার ‘আমার খিদে পেয়েছে’,‘আমি ভয় পাচ্ছি’এবং ‘এটি বিপজ্জনক’ এমন কথা বলতে শোনা যায়। সে নিচে পড়ে যাওয়ার পরপরই লাইভস্ট্রিমটি বন্ধ হয়ে যায়। কিশোরীর ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, ইদানীং সে ব্যক্তিগত নানা জটিলতা ও তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিল।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দুর্ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নেটিজেনরা বিস্ময় ও শোক প্রকাশ করেন। পাশাপাশি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ জানিয়েছেন অনেকেই।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















